কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বদলিতে নজিরবিহীন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে, বদলি নীতিমালার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যেই শিক্ষক বদলি করা হয়েছে। অনুসন্ধানে এসব অনিয়মের প্রমাণও পাওয়া গেছে।
উপজেলা শিক্ষা অফিসের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বুধবার দুপুরে লোকজন নিয়ে শিক্ষা অফিসে যান। তিনি শিক্ষা অফিসারকে চাপ প্রয়োগ করে বদলি তালিকা পরিবর্তন করতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক রাজনৈতিক ‘চাপে পড়ে বাধ্য হয়ে’ নীতিমালা ভেঙে বদলির অভিযোগ স্বীকার করেছেন। তবে ঠিক কারা তাকে চাপ প্রয়োগ করেছেন, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ বদলির আদেশ জারি করে। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার এই কমিটির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব।
সদরের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির ইচ্ছা পোষণ করে ৪৩ জন শিক্ষক আবেদন করেছিলেন। শুধুমাত্র শূন্য পদের বিপরীতে এসব আবেদন আহ্বান করা হয়েছিল এবং আবেদনের শেষ সময় ছিল ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা।
তবে বদলি সংক্রান্ত নথিপত্র এবং আদেশ যাচাই করে দেখা গেছে, ১২ জন শিক্ষককে বদলির আদেশ জারি করা হলেও তাদের মধ্যে ৮ জন শিক্ষককেই নীতিমালা লঙ্ঘন করে বদলি করা হয়েছে। এমনকি আবেদনের সময় শেষ হওয়ার পরও তালিকা পরিবর্তন করে নতুন করে নাম অন্তর্ভুক্ত করারও অভিযোগ উঠেছে।
শিক্ষক বদলির ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের ৫টি নির্দেশনার মধ্যে ৪টি নির্দেশনাই লঙ্ঘন করা হয়েছে। শূন্য পদের বিপরীতে বদলি করার নির্দেশনা থাকলেও প্রকাশিত তালিকায় শূন্য পদ নেই এমন বিদ্যালয়ে শিক্ষক বদলি করা হয়েছে। এছাড়াও জ্যেষ্ঠতার লঙ্ঘন এবং আবেদন করেননি এমন শিক্ষককেও বদলি দেখানোর অভিযোগ রয়েছে। বদলির নীতিমালায় বলা হয়েছে, যে সকল বিদ্যালয়ে ৫ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন, সে সকল বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না; কিন্তু শিক্ষক বদলির ক্ষেত্রে এই নির্দেশনাও লঙ্ঘন করা হয়েছে বলে জানা গেছে।






















