হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক ও মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও মারধর করে আসছেন। সর্বশেষ তাদের তিনটি গাড়ি কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে। একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ কোনো সিদ্ধান্ত মানেনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো গণপরিবহন চলবে না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, দুপক্ষের দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তির জন্য অতীতে প্রশাসনিক পর্যায়ে সমঝোতা বৈঠক হলেও তার সুফল স্থায়ী হয়নি। গত ১১ সেপ্টেম্বর ও সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে ছেড়ে যাওয়া তিনটি এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছানোর পর আবারও আটক করা হয়। এর প্রতিবাদেই মূলত এই কঠোর কর্মসূচির ঘোষণা দিল মোটর মালিক গ্রুপ।






















