দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের আয়োজিত ম্যানেজার’স কনফারেন্সে গ্রাহকদের মাঝে প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার কক্সবাজারের একটি হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনসহ অন্যান্য উধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ সবসময় নির্দিষ্ট সময়ে গ্রাহকদের দাবি পরিশোধ করে আসছে। গ্রাহকদের জমা হওয়া প্রিমিয়ামের অর্থ দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও সরকারি বন্ডে বিনিয়োগ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, মানুষের জীবনের পাশাপাশি সম্পদের আর্থিক নিরাপত্তায় বীমার গুরুত্ব অপরিসীম। ন্যাশনাল লাইফ দেশের অন্যতম সেরা বীমা প্রতিষ্ঠান হিসেবে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকদের দোরগোড়ায় বীমার টাকা পৌঁছে দেওয়ার কারণে মানুষের এই প্রতিষ্ঠানের ওপর আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


























