‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে কার্ডিয়াক কনসালটেন্সির আয়োজন করা হয়েছে। এর আওতায় হাসপাতালে আগত দর্শনার্থী ও রোগীদের স্বজনসহ সাধারণ মানুষ হৃদ্যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতালটিতে হৃদরোগ ও এর প্রতিকার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাম্মদ উদ্দিন। সেমিনারে দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্টরা অংশ নেন এবং হৃদরোগ চিকিৎসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান। এ সময় হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে শুরু হয়ে র্যালিটি গ্রিন রোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ।
এদিকে, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দেশের প্রথম এনএবিএইচ স্বীকৃত এই হাসপাতালে ‘বিশেষ সেবা পক্ষ’ শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এই সেবা পক্ষের আওতায় কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে হৃদ্যন্ত্রের পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।


























