মাগুরায় এক আবাসিক গ্রাহককে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার অস্বাভাবিক ও ভুয়া বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই ঘটনায় দায়িত্বে চরম গাফিলতির অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার মন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। মন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি নিজেই ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সঠিক বিল পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে ভবিষ্যতে এ ধরনের সমস্যা সরাসরি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানান তিনি।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের ওই অস্বাভাবিক বিল ইস্যু করা হয়েছিল। মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক বা টাইপিং ত্রুটির কারণে এই ভুতুড়ে বিল তৈরি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।






















