বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত ৯ মাসে বিশেষ অভিযান চালিয়ে ৯৩১ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা ১ হাজার ২০৪ কিলোমিটার দীর্ঘ সীমান্তে কঠোর নজরদারি ও নিয়মিত টহল পরিচালনা করে আসছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে লক্ষাধিক পিস ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি মদ, ফেনসিডিল এবং যৌন উত্তেজক ট্যাবলেট। এ ছাড়া চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।






















