রাজধানীর মিরপুর-১০ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বরত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি, যার ফলে সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা পুলিশের নিয়মিত কাজের একটি অংশ। এ ধরনের তালিকা সবসময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকে। একইভাবে সন্ত্রাসী, অপরাধী, মাদক কারবারি ও অস্ত্রধারীদের তালিকাও নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো বিশেষ তালিকা করা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে এবং তা আরও কঠোর করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সরকার অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই দেখছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ট্রিপল নাইনে ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ পদক্ষেপ নিচ্ছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসি মিরপুর ১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশন কর্মীদের সংঘর্ষ বাধে। ওই সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবলের তার খোলার একপর্যায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায় এবং তা পাশের ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটে।






















