রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট-বৈরাতিহাট সড়কে পীরগঞ্জ-মিঠাপুকুর সীমান্তে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা একটি সেতু স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।
বুধবার পীরগঞ্জ উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল সেতুটির ভাঙা অংশে বস্তায় মাটি ভরাট করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এ সময় পুরুষ ও নারী আনসার সদস্যরা সেতুর পাশের কৃষিজমি থেকে বস্তায় মাটি ভরে ভাঙা অংশে ফেলেন এবং দুই পাশের জঙ্গল পরিষ্কার করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় প্রতিদিন শত শত মানুষকে ঝুঁকি নিয়ে পার হতে হতো। রিকশা, ভ্যান ও অটোরিকশাচালকরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। আনসার সদস্যদের এই উদ্যোগে আপাতত চলাচলের কিছুটা সুযোগ তৈরি হলেও স্থানীয়দের দাবি, এটি স্থায়ী কোনো সমাধান নয়।






















