রাষ্ট্রের দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং জনগণের মেধা ও মানবসম্পদ গড়ে তোলাও রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের মেধাবী তরুণদের জন্য শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও বাংলাদেশে এ ধরনের পরিকল্পিত উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে।
বুধবার দুপুরে খুলনার সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রশিবির সভাপতি মাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, উন্নত দেশগুলো তাদের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। অথচ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়লেও তাদের নিয়ে পর্যাপ্ত রাষ্ট্রীয় ভাবনার অভাব রয়েছে। মেধাবী ও যোগ্য ব্যক্তিদের নীতিনির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।






















