সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বিদেশিদের ভ্রমণের জন্য শীর্ষ পাঁচ দেশ হলো পানামা, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। ১৭২টি ভিন্ন জাতীয়তার ১০ হাজারেরও বেশি প্রবাসী এই ইন্টারন্যাশনস জরিপে অংশ নেন। জরিপে উঠে এসেছে, বিদেশে বসবাসকারীদের সন্তুষ্টির মূল নির্ধারক হলো জীবনযাত্রার খরচ, মানসম্মত জীবনধারা এবং সহজে মানিয়ে নেওয়ার সুযোগ।

বিশ্ব অভিবাসন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৩.৬% আন্তর্জাতিক অভিবাসী হিসেবে চিহ্নিত। ফলে কোথায় বসবাস করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বছর আর্থিক নিরাপত্তা প্রবাসীদের সন্তুষ্টির ক্ষেত্রে আগের যেকোনো সময়ের চেয়ে বড় ভূমিকা পালন করেছে।
পানামা
পানামা শীর্ষস্থান অধিকার করেছে। কাজের সুযোগ, জীবনমান ও সহজে মানিয়ে নেওয়া—সব সূচকে দেশটি ভালো করেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর আউটডোর জীবনধারার জন্য দেশটি ফ্রিল্যান্সার, অবসরপ্রাপ্ত ও ডিজিটাল নোমাডদের আকর্ষণ করে। তবে প্রবাসীরা নতুনদের সতর্ক করে দিয়েছেন পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং স্থানীয় প্রশাসনিক জটিলতার জন্য প্রস্তুত থাকতে।
কলম্বিয়া
কলম্বিয়া দ্বিতীয় স্থানে রয়েছে। সাশ্রয়ী জীবনযাত্রা, আতিথেয় সংস্কৃতি ও শক্তিশালী সামাজিক বন্ধনের জন্য দেশটি প্রশংসিত। প্রবাসীদের মতে, দেশের সাম্প্রতিক ইতিহাস মানুষের মাঝে নতুন সুযোগ আর আশার জন্ম দিয়েছে। বারিচারা এবং লস ল্যানোসের মতো গ্রামীণ অঞ্চলগুলোকে বিশেষভাবে আকর্ষণীয় বলে উল্লেখ করেছেন অনেকে।
মেক্সিকো
তৃতীয় স্থানে আছে মেক্সিকো। বন্ধুত্বপূর্ণ সংস্কৃতি ও তুলনামূলকভাবে কম খরচের কারণে দেশটি জনপ্রিয়। তবে পুরোপুরি মিশে যেতে স্প্যানিশ শেখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রবাসীরা। ভিন্ন সময়-ধারণা ও সাংস্কৃতিক মানিয়ে নেওয়ার বিষয়েও সচেতন থাকতে বলেছেন তারা। মায়া সভ্যতার ধ্বংসাবশেষ থেকে শুরু করে উপকূলীয় শহর—বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য মেক্সিকোকে আরও আকর্ষণীয় করে তোলে।
থাইল্যান্ড
চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ড। সামগ্রিক সুখ ও আর্থিক সন্তুষ্টিতে দেশটি উচ্চ স্কোর করেছে। প্রবাসীরা দেশটিকে স্বাগতপূর্ণ ও মনোমুগ্ধকর হিসেবে বর্ণনা করেছেন। তবে সাংস্কৃতিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামাজিক শ্রেণিবিন্যাস ও স্থানীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখা। ব্যাংকক, চিয়াং মাই, ফুকেট ও কিছু কম পরিচিত দ্বীপ প্রবাসীদের কাছে জনপ্রিয়।
ভিয়েতনাম
পঞ্চম স্থানে আছে ভিয়েতনাম। ব্যক্তিগত অর্থনীতির সূচকে দেশটি প্রথম স্থান অর্জন করেছে। দ্রুত উন্নয়ন আর উদ্যমের জন্য প্রশংসিত হয়েছে ভিয়েতনাম। প্রবাসীরা স্থানীয়দের উষ্ণ ও সহযোগিতাপূর্ণ বলে বর্ণনা করেছেন। খাবার ও কফি সংস্কৃতি এখানকার বড় আকর্ষণ। সহজে মানিয়ে নিতে কয়েকটি মৌলিক ভিয়েতনামী শব্দ শেখার পরামর্শ দিয়েছেন তারা। ফু কুওক, দা নাং ও বা না হিলস প্রবাসীদের প্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে।
পূর্ণ তালিকা
২০২৫ সালে বিদেশিদের জন্য শীর্ষ ১০ গন্তব্য হলো: পানামা, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, স্পেন ও মালয়েশিয়া।
















