কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো অন্তত ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। কিন্তু বর্তমানে এই বাণিজ্যিক জলপথ কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কোনো যুদ্ধজাহাজের উপস্থিতি নেই।
জেনারেল মোহেব্বী আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিগুলো মূলত তাদের দৃশ্যমান পরাজয়কে বিজয়ের মতো দেখানোর একটি অপচেষ্টা মাত্র। দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সাংগঠনিক সক্ষমতা মার্কিন সামরিক বাহিনীর নেই বলেও দাবি করেন তিনি।























