‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে কার্ডিয়াক কনসালটেন্সির আয়োজন করা হয়। এর মাধ্যমে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনসহ সাধারণ মানুষ হৃদ্যন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পান।
দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে হৃদরোগ ও এর প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করেন এবং হৃদ্রোগ চিকিৎসায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ডা. আবদুজ জাহের এবং প্যানেল অব এক্সপার্ট হিসেবে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে হাসপাতালের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ র্যালির উদ্বোধন করেন। এছাড়া বিশ্ব হার্ট দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটিতে একটি বিশেষ সেবা পক্ষ শুরু হয়েছে, যা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই বিশেষ কার্যক্রমে কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্পমূল্যে হৃদ্যন্ত্রের পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।


























