নরসিংদীতে চরম অর্থনৈতিক সংকটে থাকা দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ আজহারুল ইসলামের দোকানের পুঁজি বাড়িয়ে তার আয়ের স্থায়ী পথ করে দিয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের বাসিন্দা আজহারুলের পরিবারে জন্ম থেকেই প্রতিবন্ধকতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তার বাবা বাক ও শ্রবণপ্রতিবন্ধী এবং পরিবারের অন্য পুরুষ সদস্যরাও শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি।
পরিবারের চরম অভাবের কারণে আজহারুল পড়াশোনা বেশি দূর চালাতে পারেননি। জীবন চালাতে বাড়ির কাছে একটি ছোট দোকান দিয়ে শিশুখাদ্য বিক্রি করলেও সন্তানের চিকিৎসার খরচে তার পুরো পুঁজি শেষ হয়ে যায়। পরবর্তীতে এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া তাৎক্ষণিকভাবে তাকে কার্যালয়ে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসকের এই মানবিক পদক্ষেপে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অসহায় আজহারুল ও তার পরিবার।






















