চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়া এবং একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে ক্যাম্পাসের নানা তথ্য আদান-প্রদানের অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রশিবির। সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে রাত আড়াইটার দিকে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়। আটকের পর ওই শিক্ষার্থীর মুঠোফোনে চবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানা গেছে।
আটক মো. হাসিবুল হাসান বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী। শিবিরনেতা ও চাকসু প্রতিনিধিরা জানান, আটকের পর ওই শিক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। তিনি ১৬৫ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন, যেখানে সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা যুক্ত থেকে ক্যাম্পাসের নানা কর্মসূচি নিয়ে আলোচনা করতেন।
ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে আটক হাসিবুল হাসান জানান, সংগঠনের এক নেতার সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই তিনি ১ নম্বর গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়।
এ বিষয়ে চবি শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ও চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া জানান, রাতে একদল শিক্ষার্থীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাদের ওপর নজর রাখা হয়। এ সময় ওই শিক্ষার্থী ‘ক্যাম্পাসে শিবিরের টহল চলছে’ মর্মে মেসেজ প্রেরণ করলে তার সন্দেহ আরও ঘনীভূত হয় এবং পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।






















