দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনস্বার্থে এই নোটিস পাঠান।
নোটিসে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশের দাম বর্তমানে দেশের বাজারে আকাশছোঁয়া। এক কেজি ওজনের ইলিশ কিনতে সাধারণ ভোক্তাদের প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা গুনতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে।
অভিযোগে বলা হয়েছে, দেশের বাজারে ঘাটতি ও চড়া মূল্য থাকা সত্ত্বেও অতীতে কম দামে ভারতে ইলিশ পাঠানো হয়েছে, যার ফলে স্থানীয় চাহিদা ও ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এছাড়া বাংলাদেশি ইলিশ কম দামে আমদানির পর ভারতীয় কিছু ব্যবসায়ী তা অধিক মূল্যে বিশ্বের বিভিন্ন দেশে পুনঃরপ্তানি করে লাভবান হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বাজারে সরাসরি আন্তর্জাতিক মূল্যে ইলিশ রপ্তানির জন্য একটি স্বচ্ছ নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে নোটিসে। আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত থেকে বিরত থাকা এবং দেশের বাজারে ইলিশের সরবরাহ স্বাভাবিক করার অনুরোধ জানানো হয়েছে।






















