দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে কর্মরত ৬৮ জন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। তাদের সবাইকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ দেশের বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত এসিল্যান্ডদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।






















