ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও অবদান সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের স্মৃতি ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে জোরালো ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ এবং মোহাম্মদপুর থানার সদস্য মাওলানা ছানাউল্লাহ দিদার ও মাওলানা সালাউদ্দিন মাসরুর উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে ইসলামী জ্ঞান, ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে গবেষণা এবং প্রকাশনা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


























