বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি অংশগ্রহণমূলক সংবিধান সংশোধন করতে চায় সরকার বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদ ভবনে বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বৈঠকে বিরোধী দলকেও সংবিধান সংশোধন কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আলোচনার দরজা সবসময় উন্মুক্ত রয়েছে। তিনি বিরোধীদলীয় প্রতিনিধিদের কমিটিতে নাম দিয়ে আলোচনা অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে সবার মতামতের ভিত্তিতে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিপূর্ণ সংশোধনী আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিগত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তি এবং শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সংসদে বিল উত্থাপন করে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংশোধনী পাস করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজকের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একক রাষ্ট্র হওয়া সত্ত্বেও জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে এবং সেই পথেই সরকার এগোতে চায়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা, বিকেন্দ্রীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে সবার কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করা হয়েছে, যা সংসদ উন্মুক্ত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবে।


























