বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাইয়ে দেওয়া ৯ বছর বয়সী এক শিশুর হৃদয়স্পর্শী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের পক্ষ থেকে মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা শিশুটির পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং তার মাদকাসক্ত বাবাকে নিরাময় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছেন।
গত শনিবার ইউএনও মোহাম্মদ আলী সুজা শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। এরপর রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় শিশুটির বাবা অনিককে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় বাজারে চুরির অভিযোগে অনিককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবার কষ্ট লাঘবের চেষ্টা এবং তার প্রতি ভালোবাসার দৃশ্যটি জনমনে ব্যাপক সাড়া ফেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। উপজেলা প্রশাসন এখন শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি তাকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে।






















