বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
আজ রোববার (২ নভেম্বর, ২০২৫) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত কমিটিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় ‘ঐকমত্য কমিশন’ জাতির সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ তোলেন। তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন আনা হয়েছে, তা নিয়ে সরকার নীরব আছে।… জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে।” তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে।
বিএনপির বর্তমান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।”
গয়েশ্বর আরও অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দেওয়ায় বিভিন্ন মহল থেকে “মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে”।
















