স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও প্রয়াত কর্মকর্তার শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করেন তিনি।
ফেসবুক পোস্টে ফরিদা খানম জানান, গত বৃহস্পতিবার একটি দাপ্তরিক কাজে তাঁর অফিসে এসেছিলেন আশরাফুল আফসার। কাজের ফাঁকে একসঙ্গে দুপুরের খাবার খাওয়া এবং প্রমোশন না পাওয়ার কষ্টের কথা শেয়ার করার বিষয়টি তিনি উল্লেখ করেন। অত্যন্ত বিনয়ী ও সদালাপী এই কর্মকর্তার সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে তিনি লেখেন, মানুষটি এতটা বিনয়ী ছিলেন যে সিনিয়র কেউ আসলে বারবার চেয়ার থেকে উঠে সম্মান প্রদর্শন করছিলেন।
অফিস ছাড়ার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি উপহার দেওয়া হয়েছিল উল্লেখ করে জেলা প্রশাসক লেখেন, কে জানত সেটাই হবে তার সঙ্গে শেষ দেখা। সহকর্মীর এই আকস্মিক প্রয়াণ সহজে মেনে নেওয়ার মতো নয় বলে পোস্টে উল্লেখ করেন তিনি।






















