পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি (আইএফএসসিএস)-এর উদ্যোগে রোববার সকালে এই প্রশিক্ষণ শুরু হয়। পিবিআইয়ের ৩০ জন কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে ড. আমানুল্লাহ বলেন, মামলার তদন্তে ছোট একটি আলামতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে তদন্তে ডিজিটাল ফরেনসিক, ডিএনএ বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলেও তিনি মন্তব্য করেন। আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।






















