কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চার শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই উত্তেজনার সূত্রপাত হয়।
জানা যায়, আইসিটি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরোধকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে প্রক্টর অফিসে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি মীমাংসা করা হলেও পরবর্তী সময়ে তা আবার সংঘাতে রূপ নেয়। একপক্ষ হলের ভেতরে আশ্রয় নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আহত আইসিটি বিভাগের শিক্ষার্থী শামীম মজুমদার জানান, হলের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওপর হঠাৎ হামলা চালানো হয়। এ ঘটনায় প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীও জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি শান্ত করতে ও বিষয়টি স্থায়ীভাবে সমাধানের চেষ্টা চলছে।






















