গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে চারটার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
নিহত আয়েশা খাতুন (৪৫) এবং তার ছেলে ইয়াছিন (২২) ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের বাসিন্দা। তারা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে। নিহতের স্বামী মো. চান মিয়া জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফেরার জন্য আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় আসেন। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন এবং আরজিনা নামের একজন পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















