ভারতের উত্তর প্রদেশে অবিরাম প্রবল বৃষ্টি, বজ্রসহ ঝড় এবং দমকা হাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই দুর্যোগে আহত হয়েছেন আরও ১৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৬৩ জেলায় স্বাভাবিকের তুলনায় বহু গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে ১১৭টি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, মাটির দেয়াল ধসে এবং ঝড়ে গাছ ভেঙে পড়ার কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটে। গোরখপুরেই গাছ চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। লক্ষ্ণৌসহ বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব ও মধ্য উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
প্রবল বর্ষণের ফলে অনেক এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীগুলোর পানি বৃদ্ধির আশঙ্কায় নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সীমান্তবর্তী জেলাগুলোতেও বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।























