দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়। পরবর্তীতে ওই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনার ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতেও ডিএমপি আওতাধীন ও সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
নিরাপত্তা জোরদারের এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দেশের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।






















