ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটোর কয়েকটি সদস্যদেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর তিনি এই মন্তব্য করেন।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, রাশিয়ার উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই। ইউরোপের বিভিন্ন দেশে রুশ হামলার আশঙ্কার কথা প্রচার করে অপ্রয়োজনীয় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার যে বয়ান তৈরি করা হচ্ছে, তারও সমালোচনা করেন তিনি। পুতিন জোরালোভাবে বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’
চলতি মাসের শুরুতে জার্মানি ও পোল্যান্ডের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তোলার পর এই বক্তব্য এল। অন্যদিকে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি রাশিয়া সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।























