দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালুর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করে উৎপাদিত অতিরিক্ত বা উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর জারিকৃত এক নির্দেশনায় দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, টেকসই জ্বালানি নিশ্চিত করার লক্ষ্যে সরকার নবায়নযোগ্য শক্তির ব্যবহার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান সব সরকারি ভবনের ছাদে ব্যাটারিসহ সোলার সিস্টেম স্থাপন করতে হবে। এই সোলার সিস্টেমে অন্তত দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন ব্যাকআপ সুবিধা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সৌরবিদ্যুতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর যে উদ্বৃত্ত বিদ্যুৎ থাকবে, তা নেট মিটারিং নীতির আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।
নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য নির্দিষ্ট হারে অর্থ পাওয়া যাবে, যা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্দেশনা মোতাবেক, দেশের প্রতিটি উপজেলার সব হাট ও বাজারে সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা’ অনুযায়ী বাজারগুলোর ইজারালব্ধ আয় থেকে নির্দিষ্ট তহবিল ব্যবহার করার বিধান রাখা হয়েছে।
সংশ্লিষ্ট হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন তহবিলের নির্ধারিত অংশ থেকে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং তা বাণিজ্যিকভাবে চালুর উদ্যোগ নিতে হবে। এছাড়া, প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী বিশ বছরের জন্য রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি সম্পাদনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।






















