মধ্যপ্রাচ্যের সম্পদ ও নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্তে রাখতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, ইরানে আক্রমণের জন্য মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করা হয়েছে।
ইয়েমেন প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান বিরোধ ইরানের সঙ্গে সম্পর্কিত নয়। তাঁর মতে, উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়া উচিত এবং প্রয়োজনে ইরান এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
মার্কিন ও ইসরায়েলি হামলা এবং নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট দৃঢ়ভাবে জানিয়েছেন যে, ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। তিনি দাবি করেন, আঞ্চলিক দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে দিয়ে ইরানের সরকারের দ্রুত পতনের যে ধারণা করা হয়েছিল, তা ভুল প্রমাণিত হয়েছে। পেজেশকিয়ান আঞ্চলিক নিরাপত্তার জন্য বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।























