কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও তাঁরা প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি, তবুও পাপারাজ্জির ক্যামেরায় প্রায়শই তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি বিলাসবহুল ইয়টে তাঁদের দেখা গিয়েছিল।
এবার জনপ্রিয় গায়িকার জন্মদিনের অনুষ্ঠানে ট্রুডোর উপস্থিতি তাঁদের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করল। রোববার (২৬ অক্টোবর) কেটি পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে ট্রুডো ও তাঁকে প্যারিসের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। সেখানে তাঁরা ‘ক্রেজি হর্স’-এর ক্যাবারেট শোতে অংশ নেন। নাচ, গান এবং নাটকের আয়োজনে গায়িকার জন্মদিনটি ঝলমলে হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে যখন তাঁরা হাসিমুখে হাত ধরে বেরিয়ে আসছিলেন, তখন পাপারাজ্জিরা তাঁদের ফ্রেমবন্দি করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, জন্মদিনের অনুষ্ঠানে কেটি গাঢ় লাল রঙের টপস পরেছিলেন এবং ট্রুডোর পরনে ছিল কালো স্যুট।
প্রেমের সম্পর্ক নিয়ে কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই এখনও মুখ খোলেননি। তবে তাঁদের এই সম্পর্ক লুকোচুরির বদলে এখন অনেকটাই প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য, এই বছরের জুলাই মাসে গায়িকা কেটি পেরি এবং অভিনেতা অরল্যান্ডো ব্লুমের এক দশকের বেশি সময়ের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফির বিবাহবিচ্ছেদ হয়েছে বছর দুয়েক আগে। সেই সময় সোফি অভিযোগ করেছিলেন যে, ট্রুডোর সঙ্গে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল।
















