পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ জাতিকে পিছিয়ে দিয়েছে। এই দীর্ঘ সময়ে আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, যার জঞ্জাল ১৭ দিনে বা ৭ মাসে শেষ হওয়া সম্ভব নয়।
শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, এই ১৭ বছরে শিক্ষাবিস্তার ব্যাহত হয়েছে, যুবকদের চাকরির বয়স চলে গেছে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবার ও দেশকে কিছু দেওয়ার সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য জাতিকে অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা জুলাই আন্দোলনসহ মেধা ও কোটার জন্য লড়াই করেছে।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ নুরুল আমিন এবং স্কুল শাখার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






















