বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষায় প্রযুক্তির (এডটেক) প্রসার এবং শিশুদের ইংরেজি ভাষার দক্ষতা ও মৌলিক সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়েরেবেলো ব্রিট্টোর অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষা প্রশাসনের দক্ষতা উন্নয়ন এবং প্রতিবন্ধী শিশুদের জন্য সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ভবিষ্যৎ কর্মজগতের উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
বাংলাদেশের এসব যুগোপযোগী উদ্যোগে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারে ইউনিসেফের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার কথা জানান পিয়েরেবেলো ব্রিট্টো। পরে প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘স্কিলস ফর ব্রাইটার ফিউচারস’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেখানে তিনি পরিবর্তনশীল কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ করে তুলতে শিক্ষা খাতে বৈশ্বিক বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।






















