জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বেসামরিক খাতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা শেষে এ চুক্তি সই হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সমঝোতা স্মারকটি তারই ধারাবাহিকতা।
এর আগে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানী পৌলোস মরিসন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ এবং বোয়িংয়ের সঙ্গে সম্পাদিত বৃহৎ বাণিজ্যিক চুক্তিসহ চলমান বহুমুখী ইতিবাচক সহযোগিতার কথা উল্লেখ করেন।






















