রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকা। ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পুরো ঘটনার কারণ ও নেপথ্যের মূল বিষয়গুলো উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
প্রাথমিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য একত্রিত হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


























