জাতিসংঘ নিখুঁত নয়, তবে বিশ্বশান্তি ও বৈশ্বিক কাঠামোর ক্ষেত্রে এর কোনো বিকল্প কল্পনা করা কঠিন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ টেনে ড. খলিলুর রহমান উল্লেখ করেন, জাতিসংঘের যেসব ক্ষেত্রে সীমাবদ্ধতা ও পিছিয়ে পড়ার প্রবণতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৈশ্বিক ব্যবস্থা পরিচালনায় অকার্যকর হয়ে পড়া কাঠামোগুলো সংস্কারের তাগিদ দিয়ে তিনি বলেন, শিল্প খাতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তরুণ পরিবর্তনকামীদের সমমর্যাদায় আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে।
আলোচনায় আস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আস্থা কেউ উপহার হিসেবে দেয় না, এটি অর্জন করতে হয়।” বর্তমান অধিবেশন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার মতো বাস্তববাদী, সংস্কারের জন্য সাহসী এবং সবাইকে সঙ্গে নেওয়ার মতো অন্তর্ভুক্তিমূলক একটি ভবিষ্যৎমুখী জাতিসংঘ গড়ে তোলার অনন্য সুযোগ তৈরি করেছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।






















