জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫-এর ২৫ বছর পূর্তির প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ক্ষেত্রে কঠোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এতে সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোকে যোগদানের আমন্ত্রণ জানান তিনি।






















