বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ ও নিম্নচাপটি ঘনীভূত হয়ে অবশেষে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলের অন্তত ১২টি জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদদের ভাষ্যমতে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে এই পরিবর্তন এসেছে।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জানান, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।






















