বিশ্বব্যাপী তৈরি পোশাক বাজারে উচ্চমূল্য সংযোজনকারী পণ্যের চাহিদা ও বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, বাংলাদেশের রপ্তানি এখনো মূলত বেসিক বা মৌলিক পোশাকের ওপরই নির্ভরশীল। ২০২৫ ক্যালেন্ডার বছরে দেশের ৩৮ হাজার ৮২৫ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানির প্রায় ৭৭ শতাংশই এসেছে বটমওয়্যার, টি-শার্ট, সোয়েটার, ইনারওয়্যার, শিশুদের পোশাক এবং ছোট অ্যাকসেসরিজের মতো মৌলিক পণ্যগুলো থেকে। অথচ, বিশ্ববাজারে এসব মৌলিক পণ্যের সম্মিলিত অংশ মাত্র ৬১.৫৮ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) বৈশ্বিক বাণিজ্য পরিসংখ্যানের বিশ্লেষণে বাংলাদেশের পোশাক রপ্তানির এই কাঠামোগত চিত্র ফুটে উঠেছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট পোশাক রপ্তানির পরিমাণ ছিল প্রায় চার লাখ ২৬ হাজার মিলিয়ন ডলার, যার মধ্যে বাংলাদেশের অংশ ছিল ৩৮ হাজার ৮২৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে সবচেয়ে বড় অংশ দখল করে আছে বটমওয়্যার (যেমন ট্রাউজার, শর্টস, স্কার্ট)। মোট পোশাক রপ্তানির ৩৩.৬৮ শতাংশ এই শ্রেণির পণ্য থেকে এসেছে, যার মূল্য প্রায় ১৩ হাজার ৭৬ মিলিয়ন ডলার। বিশ্ববাজারে বটমওয়্যারের অংশ ২১.৬৮ শতাংশ। এর মানে হলো, বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশের রপ্তানি কাঠামো এই নির্দিষ্ট পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে বেশি নির্ভরশীল।
একই প্রবণতা টি-শার্টের ক্ষেত্রেও দেখা যায়। দেশের মোট পোশাক রপ্তানিতে টি-শার্টের অংশ ১৮.৬৪ শতাংশ, যার মূল্য প্রায় ৭,২৩৭ মিলিয়ন ডলার। বিশ্ববাজারে টি-শার্টের অংশ ১০.০৯ শতাংশ। বটমওয়্যার ও টি-শার্ট—এই দুটি শ্রেণির পণ্য মিলেই বাংলাদেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকের বেশি আসে।
বেসিক পোশাকের ওপর এই অতিরিক্ত নির্ভরতার বিপরীতে, উচ্চমূল্য সংযোজনকারী পণ্যে বাংলাদেশের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। আউটারওয়্যার, ড্রেস, টেকনিক্যাল ওয়্যার, স্পোর্টসওয়্যার এবং স্যুট—এই পাঁচটিকে অ্যাডভান্সড ক্যাটাগরি হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের মোট রপ্তানিতে এসব পণ্যের সম্মিলিত অংশ মাত্র ৯.৩৫ শতাংশ, যার মূল্য প্রায় ৩,৬৩০ মিলিয়ন ডলার। অন্যদিকে, বিশ্ববাজারে একই শ্রেণির পণ্যের অংশ ৩০.৪৬ শতাংশ বা প্রায় এক লাখ ২৯ হাজার ৭৬০ মিলিয়ন ডলার।
বিশেষ করে আউটারওয়্যারের ক্ষেত্রে এই ব্যবধানটি সবচেয়ে বেশি স্পষ্ট। বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে আউটারওয়্যারের অংশ মাত্র ৩.৮৩ শতাংশ, অর্থাৎ প্রায় ১,৪৮৭ মিলিয়ন ডলার। বিশ্ববাজারে এর অংশ ১৩.৪৫ শতাংশ বা প্রায় ৫৭ হাজার ২৯৭ মিলিয়ন ডলার। এর থেকে বোঝা যায়, বিশ্ববাজারের সবচেয়ে বড় পোশাক ক্যাটাগরিগুলোর একটি হওয়া সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে এর উপস্থিতি খুবই সীমিত। শার্ট ও ব্ল


























