পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামসহ ৬ জন সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে।
বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামসহ মোট ৬ জন সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে।
জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি জোনের একটি টহলদল প্রথমে থানচি উপজেলার একটি এলাকায় তল্লাশি চালায়। এ সময় অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইবার ত্রিপুরা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে থানচির রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান ম্রোকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে যা জব্দ করা হয়:
- ১টি পিস্তল
- ২টি গাদা বন্দুক
- ১টি হ্যান্ড গ্রেনেড
- ১টি ম্যাগাজিন
- ৩০ রাউন্ড গুলি
- মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম।
অন্যদিকে, রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে বান্দরবানের আলীকদম উপজেলার আগলা পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। মেনশন ম্রো নামে একজনের বাড়ি ঘেরাও করে তল্লাশির সময় সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়।
এই অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
- ২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন
- ২টি ওয়াকিটকি সেট
- ৪টি ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম।
সেনাবাহিনী ও বিজিবি জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রত্যন্ত অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।
















