জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এক সাইডলাইন বৈঠকে মিলিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে বাংলাদেশে বাস্তবায়নাধীন নানা উন্নয়নমূলক কার্যক্রমে বিশ্বব্যাংকের আর্থিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার ও বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তি শক্তিশালী করে ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের নতুন নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে নিবিড় মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।






















