জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়। এতে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি মোকাবিলায় আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন।
একই দিন নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণের পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ড, কুয়েত, ভুটান, ক্রোয়েশিয়া ও হাইতির রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।


























