দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ১৩টি ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় তিনি ‘জুলাই চেতনা’র ভিত্তিতে আধিপত্যবাদমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে ছাত্রনেতাদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় রাশেদ প্রধান বলেন, ছাত্রনেতৃত্বের সুদৃঢ় আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ মুক্ত হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার পালাবদলে আমরা নব্য জালেম বিএনপিকে পেয়েছি। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পুনরায় প্রবেশের চেষ্টা চালাচ্ছে।
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, আগামীতে ছাত্রসমাজকে এক ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে হবে। জুলাই বিপ্লবের আদর্শ ধরে রেখে ইনসাফ কায়েমের জন্য রাজপথের লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে আজকের তরুণদেরই। তিনি আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে ছাত্রসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সভায় জাগপা ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক আমিরুল ইসলাম এবং ডাকসু ও জকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।


























