প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু মন্তব্য করেছেন যে, ডেঙ্গু কেবল একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং সমন্বিত কার্যক্রমের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন এবং ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
দিনের শুরুতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সঙ্গে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সেখানে তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন।
সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, “ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ না হলেও, প্রতি বছর এর প্রকোপ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, এটি শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।”
সেমিনারটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের আরপি ডা. এস এম রিয়াদ শাহাবুদ্দিন এবং এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম। এছাড়া, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























