জ্বালানি তেলের দাম বাড়লেও বাজারে নিত্যপণ্যের দামে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, সংসদে নির্বাচিত বিরোধী দল হিসেবে তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা।
চা-শিল্পের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাগানগুলোকে লাভজনক করার কাজ চলছে। চা-গাছের ক্ষতি না করে সেখানে মসলা ও কাঠের গাছ লাগানোর পাশাপাশি সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্কুল, অ্যাম্বুলেন্স এবং রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি।






















