বাংলাদেশি প্রবাসীদের সহায়তা ও সাংস্কৃতিক সম্প্রীতিতে ভূমিকার জন্য রোমের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
রোম সময় অনুযায়ী সোমবার রোম সিটি কর্পোরেশনের কার্যালয়ে মেয়র রবার্তো গুয়ালতিরির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এ সময় তিনি ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সফল সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং তাদের অবদানের প্রশংসা করেন।
ড. ইউনুস বলেন, “বাংলাদেশি অভিবাসীরা ইতালির অর্থনীতিতে অবদান রাখছেন এবং রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করছেন। তারা এখন এখানে সাংস্কৃতিকভাবে একীভূত। ইতালির অনেক শীর্ষ রেস্টুরেন্টের প্রধান রাঁধুনিই বাংলাদেশি।”
রোমের মেয়র রবার্তো গুয়ালতিরি বাংলাদেশি প্রবাসীদের ইতালির বহুসাংস্কৃতিক সমাজে ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
তিনি রোমের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত তার দপ্তরে প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান। সাক্ষাৎ শেষে তিনি ড. ইউনুসকে বার্তাস্বরূপ একটি স্মারক ফলক উপহার দেন।
ফলকটিতে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের খোদাই করা প্রতিকৃতি রয়েছে। এই ফলকটি সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিশ্বের বেশ কয়েকজন নেতাকে উপহার দেওয়া হয়েছে।
দুজনের বৈঠকে রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমানে ইতালির রাজধানী রোমে প্রায় ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যা দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি করেছে বলে তারা মত প্রকাশ করেন।
এছাড়াও বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ইতালির প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

















