টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে সোমবার দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। স্থানীয়রা জানান, মাইজখাড়া এলাকায় সেতুটির নির্মাণকাজ শুরুর পর থেকেই রাতের বেলা গোপনে কাজ পরিচালনা করা হতো। একপর্যায়ে স্থানীয় যুবকরা গিয়ে রডের বদলে বাঁশ দিয়ে স্লাব তৈরির বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এলজিইডির অধীনে ৯০ মিটার দীর্ঘ এই গার্ডার সেতু পুনর্নির্মাণের কাজটি পায় ‘মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত মেয়াদের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে।
এদিকে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম দাবি করেছেন, কিছু অংশের শাটার খোলার সুযোগ না থাকায় বিকল্প পদ্ধতিতে ওই কাজ করা হয়েছে। তবে দায়িত্বশীল মহলের এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।






















