সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি আসলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তবে এখন পর্যন্ত সংসদ সচিবালয় থেকে এসংক্রান্ত কোনো চিঠি হাতে পায়নি কমিশন।
সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ স্পিকারকে অবহিত করে এই পদক্ষেপ নেয়।
ইসি সচিব আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে কমিশনে চিঠি দিয়েছিল। তবে আইনি বিধান অনুযায়ী সংসদ থেকে দাপ্তরিকভাবে অবহিত না করা পর্যন্ত ইসির নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, ওই স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে স্পিকার ও ইসির কাছে আবেদন জানায়।






















