চট্টগ্রামের মিরসরাইয়ে এক অসহায় বিধবা নারী ও তাঁর এতিম সন্তানদের বসবাসের ঘর সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ওই পরিবারের জন্য ঢেউ টিনসহ বিভিন্ন প্রয়োজনীয় গৃহনির্মাণ সামগ্রী সহায়তা হিসেবে প্রদান করা হয়।
সোমবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফতেহ আলী মাঝি বাড়ির মরহুম কামরুলের পরিবারের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মানবিক সহায়তার আয়োজন করা হয়েছিল।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মো. নুরুল কবির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুর হোসেন, ৩ নম্বর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সম্পাদক মো. শরীফ এবং স্থানীয় নেতা সোহাগ ও আরিফসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল কবির বলেন, জামায়াতে ইসলামী একটি মানবকল্যাণমুখী সংগঠন। ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি নিরবচ্ছিন্নভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ ধরনের মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে তিনি স্থানীয়দের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।






















