নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমায়ুন কবির (১৫) নামের অষ্টম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার গাড়াগ্ৰাম ধরেয়ার বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন খামারগাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে এবং রণচণ্ডী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, হুমায়ুন বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য নোট ফটোকপি করতে বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালক ও হেল্পারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুছ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























