বিশ্ববিদ্যালয় কেবল শ্রেণিকক্ষ ও সনদের স্থান নয়; এটি এমন একটি প্রাঙ্গণ যেখানে শিক্ষার্থীরা নিরাপদে অবস্থান করে জ্ঞানচর্চা ও নিজেদের মেধার বিকাশ ঘটান। কিন্তু পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পরও অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র আবাসন সংকট। পুরান ঢাকার সীমিত আয়তন ও উচ্চ ব্যয়ভারের মধ্যে আবাসন সুবিধা না থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশকে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে।
আবাসিক হলের অভাবে শিক্ষার্থীদের বাধ্য হয়ে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এর ফলে বাসাভাড়া, খাদ্য ও যাতায়াত খরচের বিশাল চাপ মেটাতে বহু শিক্ষার্থীকে নিয়মিত টিউশনি বা অতিরিক্ত কাজ করতে হয়। অতিরিক্ত সময় অর্থ উপার্জনে ব্যয় হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশের সুযোগ সংকুচিত হয়ে আসছে, যা তাদের শিক্ষাগত বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীদের জন্য একটিমাত্র হল থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। নির্মাণাধীন হলগুলোর কাজের গতিও ধীরগতির। বিশ্ববিদ্যালয় চালুর দুই দশক পার হয়ে গেলেও আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া শিক্ষার মৌলিক শর্ত পূরণে বড় ঘাটতি তৈরি করছে। তাই শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুততার সঙ্গে পর্যাপ্ত ও নিরাপদ আবাসনব্যবস্থা গড়ে তোলার কাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।


























